ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মীর বিচারের দাবিতে ডুয়েটে বিক্ষোভ মিছিল
সদ্য সাময়িক বরখাস্তকৃত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের আলোচিত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে চাকরিচ্যুত করা এবং তাকে বিচারের মুখোমুখি করতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি (ডুয়েট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মিনিটে ডুয়েট ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ শাহজালাল বলেন, তাপসী তাবাসসুম দেড় হাজার মানুষকে যারা শহীদ করেছে তাদের পক্ষ হয়ে কথা বলতেছে। এদেশে শহীদ আবু সাঈদের বিরুদ্ধে কথা বলা মানে জুলাই বিপ্লবের দেড় হাজার শহীদের বিরুদ্ধে কথা বলা। উর্মি যদি মনে করে এরকম মিথ্যাচারের মাধ্যমে আওমী ফ্যাসিবাদ আবার ফিরিয়ে আনবেন; তাহলে তিনি যেন তা ভুলে যান।
বক্তব্যে উর্মির মত গণহত্যাকারী সকল দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
বক্তব্যে ডুয়েটে মেধাবী শিক্ষার্থী জামিল বলেন, ডুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে এখনও ফ্যাসিবাদের দোষরেরা ঘুরে বেড়াচ্ছে। ইতিপূর্বে ক্যাম্পাসে শিক্ষার্থী নির্যাতন সহ নানা অপরাধে যারা যুক্ত ছিল তাদের ক্যাম্পাসে কোন ঠাঁই হবে না। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত অপরাধীদের বিচার না করে তাহলে যা ঘটবে তার দায় ডুয়েট প্রশাসনের।
মিছিল শেষে শহীদ আবরার ফাহাদ সহ বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহীদদের জন্য ডুয়েট কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা দেয়া হয়।
প্রসঙ্গত, শনিবার (৫ অক্টোবর) ফেসবুক পোস্টে আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ঊর্মি লেখেন, ‘কত বড় বোকার স্বর্গে আছি, এইটা শুধু চিন্তা করি। আবু সাইদ! বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়লো; সে নাকি শহীদ! এটাও এখন মানা লাগবে!’
আবু সাইদের বাড়িতে যাওয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও লেখেন, ‘এই আহাম্মকি ভ্রমণের জন্য এত বড় গাড়িবহর পুরো বিভাগ থেকে যে গেলো, তার তেল খরচ কে দিয়েছে? যাই হোক, ভিডিওটা দেখুন। ভালো মতো দেখুন আর মুখস্থ করুন। আর কী বলব!’
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়েও ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেন তাবাসসুম উর্মি। শনিবার আরেকটি ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
পরে স্ট্যাটাসটি অনলি মি করা হয়। স্ট্যাটাসের বিষয়ে তিনি গতকাল গণমাধ্যমকে বলেন, আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। ‘অনলি মি’ করেছি বিভিন্ন কারণে হতে পারে। যমুনা নিউজকে তিনি জানান, দেশের নাগরিক হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতেই এ মন্তব্য করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য তার চাকরি যদি চলেও যায়, তাতে দুঃখ নেই বলেও জানান তিনি।
তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এছাড়া, আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশকিছু পোস্টও করতে দেখা গেছে তাকে।







